শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের ‘ক্যাম্পাস ভাবনা’ তুলে ধরেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, কলেজ শুধু ক্লাস ও পরীক্ষার জায়গা নয়; বরং চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও শিক্ষার্থীদের নিজস্ব বিকাশের উন্মুক্ত ক্ষেত্র হওয়া উচিত।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, তারা এমন একটি ক্যাম্পাস চান, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে শিখবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে এবং ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাবে।
তাদের ‘ক্যাম্পাস ভাবনা’র মধ্যে রয়েছে—
শিক্ষার্থীবান্ধব অবকাঠামো:
উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা:
শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ‘মেডিকেল সেন্টার’ চালুর দাবি জানানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা এবং ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে।
পরিবহনসেবা চালু:
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজ বাস পুনরায় চালু করে তা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন।
মেধা ও সংস্কৃতি চর্চার সুযোগ:
খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য হল, বিতর্ক ও মুক্ত আলোচনার সুযোগ এবং শিক্ষার্থীদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।


































