নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ ৩ প্রতারক প্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:০২, ৩ অক্টোবর ২০২৬

সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ ৩ প্রতারক প্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া কক্ষে অভিযান চালিয়ে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন দপ্তরের ছয়টি সিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদ (৪৩), তার বাবা মৃত জয়নাল। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকায়।

আব্দুল্লাহ তানহা (৩৯), তার বাবা মৃত আব্দুল জব্বার। তার বাড়ি ফতুল্লা থানার ভূইগড় শান্তিধারা এলাকায়। অপরজন মহসিন বেপারী (৩২), তার বাবা মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী। তার বাড়ি ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদের ভাড়া নেওয়া কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ছয়টি সিল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

উদ্ধার করা সিলগুলোর মধ্যে রয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, জেলা বিশেষ শাখা (ডিএসবি), নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারি পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর (পূর্ব অপরাধসংক্রান্ত তথ্য) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।