নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২১, ৫ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।

তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিচ্ছে। এছাড়াও একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত এক বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। রাতের বেলায় ডাকাতি ও দিনে চুরি-ছিনতাইয়ের মাধ্যমে পুরো এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা বলেন, “আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা চাই। আমাদের গ্রামে কোনো গুন্ডামি, মাদক, চুরি-ছিনতাই চলবে না।”

এ সময় এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুমকি ও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।