নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

রুপগঞ্জে চুরির অভিযোগে ৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন, কাটা হলো চুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩০, ২ মার্চ ২০২৬

রুপগঞ্জে চুরির অভিযোগে ৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন, কাটা হলো চুল

 রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করে। পরে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের  আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। সর্বশেষ পুলিশ গিয়ে ওই তিন নারীকে হেফাজতে নেয়।

আটক তিন নারী হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৭) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩৬)।

পুলিশ হেফাজতে ওই নারীর দাবি, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় একটি পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে  বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটকে রাখে। পরে এলাকাবাসী মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, লাঞ্ছিত ও শ্লীলতাহানি  করে গাছের সাথে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়।

এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।