নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে কেওঢালা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ১৫ মে ২০২৬

বন্দরে কেওঢালা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমপি পুত্র আবুল কাউসার আশা বলেন, “কেওঢালা বাসস্ট্যান্ডটি বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ড। প্রতিনিয়ত বহু পথচারী জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। ইতোমধ্যে অনেকে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমার পিতা সাংসদ অ্যাডভোকেট আবুল কালামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে, দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক।”

বক্তারা বলেন, কেওঢালা এলাকার আশপাশে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট, বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও হাটবাজার অবস্থিত। প্রতিদিন প্রায় ১০ থেকে ২৫ হাজার মানুষ ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পুকুনিয়া বাড়ি জামে মসজিদের খতিব মুফতি আল-আমিন, মো. আল-আমিন, হারুন অর-রশিদ, মো. সানাউল্লাহ মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।