নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার বাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬'। প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)-এর আয়োজনে শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
সম্মেলনে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশ, র্যাব ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এলাকায় একটি খেলার মাঠ, একটি লাইব্রেরি এবং খাসজমি থাকলে জনকল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। এ ধরনের সামাজিক উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিটি করপোরেশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ, নিয়মিত যৌথ অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ৬২ বিজিবি ব্যাটালিয়নের সিও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রশাসনের প্রতিশ্রুত উদ্যোগ বাস্তবায়িত হলে গলাচিপা এলাকায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে।


































