নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

আড়াইহাজারে ইজিবাইক চালককে হত্যা, ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫২, ৬ জুলাই ২০২৬

আড়াইহাজারে ইজিবাইক চালককে হত্যা, ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলি উল্লাহ (৩০) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের চোখ উপড়ানো ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মো. হারুনুর রশীদ ছেলে।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) বিকেলে অলি উল্লাহ সোনারগাঁর বারদী এলাকা থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

পরে বিকেলে আড়াইহাজার উপজেলার গ্রুপদী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অলিউল্লাহর মরদেহ শনাক্ত করেন।

 

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা চালক অলিউল্লাহর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করে। পরে তার মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।