নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম এবং অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করেন।
তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন এবং পুলিশ সদস্যদের দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানান এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন আহম্মেদ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


































