বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের ঐতিহ্যবাহী জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য জামদানি ও বেনারসি শিল্পকে টিকিয়ে রাখা এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে সরকার কাজ করছে। একই সঙ্গে তাঁতিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যেই আড়াইহাজারে অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার নির্মাণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করছি আমাদের ঐতিহ্যবাহী জিআই পণ্য জামদানি ও বেনারসি বাঁচিয়ে রাখতে। এগুলোর প্রসার ঘটিয়ে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে এবং তাঁতিদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করতেই এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।"
তিনি আরও বলেন, দেশের তাঁতশিল্পের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেন। ফলে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার তাঁতিদের জন্য মাত্র ৪ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করেছে, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো ১৪ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ দেয়। তবে এসব ঋণ যথাসময়ে পরিশোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাঁত মালিক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের প্রত্যাশা, আধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্র চালুর মাধ্যমে স্থানীয় তাঁতশিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ফলে উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে।


































