নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা জড়ো হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, মিছিল-স্লোগানের প্রস্তুতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১ টায় এবং রাত ৮ টার দিকে পৃথক অভিযান চালিয়ে মামলার এক আসামি রাহুল (২৫) ও মাসুদ মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাহুল ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। বাগমারা এলাকা থেকে ও মাসুদকে নিমাইকাশারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।


































