নারায়ণগঞ্জের বন্দরে দিনমজুর মাসুম রানা (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রাসেল রানা (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল রানা বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাসুম রানা সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিখোঁজের ছয় দিন পর গত ৪ জুলাই বন্দর থানার ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাসেল রানা ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুল (৪৩)-কে আসামি করা হয়।
নিহতের স্ত্রী সুমার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তার স্বামীকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।
বন্দর থানার এসআই রাজিব জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাসেল রানাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































