নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ীর ধাক্কায় দোকান কর্মচারী নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:৪৭, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ীর ধাক্কায় দোকান কর্মচারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্যাংকলড়ীর ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লার বাসিন্দা। পেশাগত কারণে তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বসবাস করতেন। স্থানীয় ‘প্রাণ বল্লভ’ নামের একটি মিস্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে কর্মস্থলে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হারাধন চন্দ্র দত্ত। এ সময় দ্রুতগতির একটি ট্যাংকলড়ী তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্যাংকলড়ী দ্রুত পালিয়ে যাওয়ায় ট্যাংকলড়ী কিংবা এর চালককে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ট্যাংকলড়ীটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।