নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশপাশের বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবনের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের শুক্রবার (২৮ আগস্ট) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান এবং মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।


































