নারায়ণগঞ্জের বন্দরে একটি পানি শোধনাগারের সীমানা প্রাচীর ভেঙে ব্যক্তিগত বাসাবাড়ির ময়লার পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে জামাই রাজিমুল রাজিব ও তার শ্বশুর রবিউল মাস্টারের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বন্দর থানাধীন সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত আব্দুল সোবাহান মিয়ার ছেলে রাজিমুল রাজিব ও তার শ্বশুর রবিউল মাস্টারসহ কয়েকজন রাতের আঁধারে ওয়াসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোনাকান্দা পানি শোধনাগারের সীমানা প্রাচীর ভেঙে সেখানে বাসাবাড়ির ময়লার পাইপ স্থাপন করেছেন। এতে পানি শোধনাগারের নিরাপত্তা ও পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগের পর সরেজমিনে সোনাকান্দা পানি শোধনাগারে গিয়ে দেখা যায়, শোধনাগারের পূর্ব পাশে ওয়াসার সীমানা প্রাচীরের একটি অংশ ভাঙা। সেখানে নতুন একটি পাইপ স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে সোনাকান্দা পানি শোধনাগারের পাম্প অপারেটর মোস্তাকিম বলেন, “তারা জোরপূর্বকভাবে এ কাজ করেছে। আমরা বাধা দিলেও তারা আমাদের বাধা মানেনি। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এ ঘটনায় অভিযুক্ত রাজিমুল রাজিব ও রবিউল মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


































