নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

নবীগঞ্জ মেলায় ঘুরতে গিয়ে হামলার শিকার ছাত্রদল নেতাসহ ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:০৬, ৩০ আগস্ট ২০২৬

নবীগঞ্জ মেলায় ঘুরতে গিয়ে হামলার শিকার ছাত্রদল নেতাসহ ২

নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল দরবার শরিফ সংলগ্ন মেলা প্রাঙ্গণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান খান জিসান (২৬) এবং তাঁর বন্ধু মো. ইশান আহম্মেদ (৩০)। বর্তমানে তাঁরা দুজনই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে হামলার বর্ণনা

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে মেহেদী হাসান জিসান ও তাঁর বন্ধু ইশান আহম্মেদ নবীগঞ্জ দরবার শরিফ সংলগ্ন মেলা দেখতে যান। সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা মেহেদী হাসানের ওপর লোহার রড ও কাঠের ডাসা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মেহেদীকে মারধরের সময় তাঁর বন্ধু ইশান তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকেও মারধর করে। একপর্যায়ে সাজ্জাদ (২৩) নামে এক অভিযুক্ত সুইচ গিয়ার চাকু দিয়ে ইশানের বাম কানের নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হন।

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা আহত দুজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চারজনের নাম উল্লেখ

আহত মেহেদী হাসান খানের বাবা মান্নান খান বাদল বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—সাজ্জাদ (২৩), পিতা—আব্দুল রব, আকাশ (২২), পিতা—অজ্ঞাত, সজিব (২৩), পিতা—অজ্ঞাত

ও নাইম (৩২), পিতা—মৃত বাহাউদ্দিন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সবার বাড়ি বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ মাইছাপাড়া এলাকায়।

এ বিষয়ে বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়: