নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে বন্ধুদের হাতে মেহেদী হাসান দিগন্ত (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। হত্যার পর তার মরদেহ পূর্বাচলের লেকের পানিতে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেক থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের দুই বন্ধু তুহিন (১৮) ও আব্দুল্লাহ আল মাহমুদ (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট শুক্রবার সকালে গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকার পাঁচ বন্ধুর সঙ্গে পূর্বাচল উপশহরে বেড়াতে আসেন মেহেদী হাসান দিগন্ত। পূর্বশত্রুতার জের ধরে একপর্যায়ে কৌশলে তাকে বেদম মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ পূর্বাচলের ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকায় ভুঁইয়া ব্রিজ সংলগ্ন লেকের পানির নিচে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়।
এদিকে ওই এলাকায় মেহেদী হাসানের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের স্বজনরাও সেখানে উপস্থিত হয়ে মেহেদীর সন্ধান শুরু করেন। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে গত ৩০ আগস্ট রোববার ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচে অভিযান চালায়। পরে কাঠের গুঁড়ির সঙ্গে বাঁধা অবস্থায় মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে—তুহিন (১৮), আব্দুল্লাহ আল মাহমুদ (১৮), ইমন (১৮), শ্রাবন পলান (১৮) ও সাব্বির হোসেন ওরফে সোহাগ (১৮)। মামলার আসামিরা সবাই গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”


































