নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শান্তি বেগম দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওলি মিয়া এবং মায়ের নাম হাসনা বেগম।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শান্তি বেগমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































