নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলেন—মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) ও তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় র্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় সজীব নামে এক পরিবহন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল, তার ছেলে আপনসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল সজীবের ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত সজীবকে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১।
র্যাবের দাবি, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামি মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


































