নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. পনির হোসেন। তিনি ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে এসআই (নিঃ) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় পনির হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।


































