নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাবু (৩২) নামে এক ব্যক্তিকে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালান। সেখানে মোঃ খোকন (৩৫) নামে অপর এক ব্যক্তিকে ৫৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































