‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্দর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আল মাহমুদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিক আবেদিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শামীমা হক মৌসুমী, প্রধান শিক্ষক আব্দুল হালিম সরকার, মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মোল্লা, বন্দর ৯ নম্বর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব লাবুসহ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার। নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের মধ্যে সাক্ষরতা বিস্তারের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


































