নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আব্দুল মালেক। রোববাররাতে স্থানীয় বিএনপি নেতা ও সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আব্দুল মালেক নিজেকে আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান।
সংবাদ সম্মেলনে আব্দুল মালেক বলেন, তিনি বারীনাথপুরের একজন কৃষক এবং কৃষিকাজে অবদানের জন্য বিভিন্ন সময়ে ১০ বার পুরস্কার পেয়েছেন। স্থানীয়ভাবে সবার সঙ্গে মিলেমিশে চলার কারণে তার জনসম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি।
আব্দুল মালেক বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে কমিটিতে তার নাম থাকার বিষয়টি তিনি নিজেও জানতেন না। পরে সাবেক সভাপতি মকবুলের মৃত্যুর পর জানতে পারেন, তাকে ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমি আজ এখান থেকে আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম।”
এ সময় তাঁর পাশে ছিলেন সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্থানীয় বিএনপি নেতা ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, আব্দুল মালেকের পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে স্থানীয় পর্যায়ে সবার সঙ্গে চলাফেরা করতে হয়। সেই কারণে কোনো এক পর্যায়ে আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম চলে এসেছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, “উনি যেহেতু বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করতে চেয়েছেন, আমরা বলেছি তাহলে মিডিয়ার মাধ্যমে করেন, যেন কেউ বিরক্ত না করে।”


































