নারায়ণগঞ্জের বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ‘ক্যাফে শাহ পরান’ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হোটেল পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির মালিক ফরিদকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত হোটেলটিতে অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ‘ক্যাফে শাহ পরান’ হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির বিষয়টি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হোটেল পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিকপক্ষ।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় অপরাধের দায়ে হোটেল মালিক ফরিদকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে হোটেলের রান্নাঘরসহ পুরো পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
এদিকে অভিযান চলাকালে ওই এলাকার লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।
এ সময় তিনি বেকারিগুলোর খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।


































