এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন, অন্য হাতে কালো কভারযুক্ত পিস্তলসদৃশ একটি বস্তু নাড়াচ্ছেন এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওর ওই যুবকের নাম শান্ত। তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে। স্থানীয় ছাত্রদল নেতা রায়হান তার ভাই বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, শান্ত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।
তাদের দাবি, তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলার পরও তিনি প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, পুলিশের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে শান্ত এলাকায় অবাধে চলাফেরা করছেন।
তবে ভাইরাল ভিডিওতে শান্তর হাতে থাকা কালো কভারযুক্ত পিস্তলসদৃশ বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, শান্তর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরেও এসেছে।

































