নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার অলিম্পিকের কাছাকাছি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরদেহের পাশে থাকা একটি মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়। এনআইডিতে নিহতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, বয়স ২২ বছর এবং বাবার নাম মোশারফ হোসেন উল্লেখ রয়েছে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিহতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সঙ্গে একটি এনআইডিও পাওয়া গেছে। এনআইডি অনুযায়ী তাঁর বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায়। বিস্তারিত মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরবর্তী তদন্তে জানা যাবে।