নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা: হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা: হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণা করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের ৪টি কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড ও ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মোঃ সোহেল (৩৫) (বর্তমান ঠিকানা: কাজলা কাঠেরপুল, যাত্রাবাড়ী, ঢাকা) এবং গাজীপুরের জয়দেবপুরের আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো.সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) (বর্তমান ঠিকানা: আশকোনা, দক্ষিণখান, ঢাকা)।

থানা পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। চেকপোস্ট পরিচালনাকালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে এই দুই ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের কাছ থেকে ৪টি কালো রঙের র‍্যাব কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ১টি র‍্যাবের আইডি কার্ড, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৯০টি প্লাস্টিকের টাইস এবং অপরাধে ব্যবহৃত ১টি এফজেড-১ ভার্সন মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫) জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: