নারায়ণগঞ্জে গত তিন বছরে একানব্বইটি নিটিং, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। একই সময়ে শিল্পাঞ্চলটিতে কর্মসংস্থানও কমেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে একসময় সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ছিল। গত তিন বছরে একানব্বইটি নিটিং কারখানা, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক কারখানা বন্ধ হয়েছে। আগে এসব প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ২ লাখে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘এখনো বিসিক শিল্পনগরীতে চার শতাধিক প্রতিষ্ঠান রয়েছে।’
চাকরি মেলার আয়োজনের জন্য বিসিকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, কর্মসংস্থান তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই আয়োজন তারই অংশ। তার ভাষ্য, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


































