নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪২, ১০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় আওয়ামী দোসর গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের সম্পত্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গিয়াস উদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সাধারণ মানুষের জমিজমা দখল, চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে সময় তিনি শামীম ওসমানের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।

তাদের আরও অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর গিয়াস উদ্দিন বিএনপির নাম ব্যবহার করে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জমি লিখে না দিলে কিংবা তাঁর কথামতো কাজ না করলে বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলে দাবি ভুক্তভোগীদের।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা ও মাদকের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে কিংবা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে কারও কারও জমিজমা দখল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, গিয়াস উদ্দিনের চাচাতো ভাই আব্দুল আলীর ছেলে ওসমান ও তাঁর স্ত্রী মারা যাওয়ার পর তাঁদের সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।

এ ছাড়া আব্দুল আলী পুলের সামনে ওসমানের ছেলেদের মালিকানাধীন দোকানগুলোও দখল করে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। একইভাবে নিজের এক ভাতিজাকেও জমিসংক্রান্ত বিরোধের জেরে মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে দাবি অভিযোগকারীদের।

স্থানীয়দের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা-মোকদ্দমার ভয়ভীতির কারণে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং কারও জমি অবৈধভাবে দখল হয়ে থাকলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগগুলোর তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, আমি একজন হাজী মানুষ। আমি কোন ধরনের অপরাধের সাথে কখনোই জড়িত না। আগে হার্ডওয়্যারের ব্যবসা করতাম এখন সিদ্ধিরগঞ্জ এলাকায় জমির ব্যবসা করি।