সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় বাড়ছে বর্জ্য ব্যবস্থাপনা সংকট। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এ পরিস্থিতিতে উপজেলায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।
রোববার (১ নভেম্বর) সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মীযানুর রহমানের পক্ষ থেকে স্মারকলিপিটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০০১ সালে সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত সেখানে নির্দিষ্ট কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। সময়ের সঙ্গে উপজেলায় শিল্পকারখানা, হাসপাতাল, ক্লিনিক, হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে ওঠেনি। ফলে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও নিরাপদে নিষ্পত্তি করা যাচ্ছে না।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ, নদী-খালের পাড় ও জনবসতির আশপাশে খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানার বর্জ্য ও হাসপাতালের চিকিৎসাবর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে মাটি, পানি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ সংকট নিরসনে স্মারকলিপিতে ১০ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁয়ে আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, গৃহস্থালি, শিল্প ও চিকিৎসাবর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও নিষ্পত্তি, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি জোরদার, নদী-খাল থেকে আবর্জনা অপসারণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ময়লার স্তূপ উচ্ছেদ।
এ ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে সম্পদ উৎপাদন, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি, নাগরিকদের অভিযোগ ও প্রতিকারব্যবস্থা চালু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সোনারগাঁয়ের নদী, খাল, জলাশয় ও ঐতিহাসিক নিদর্শন রক্ষা শুধু স্থানীয় জনগণের স্বার্থেই নয়, জাতীয় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। তাই এ সংকট সমাধানে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প গ্রহণ করা জরুরি।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান বলেন, সোনারগাঁয়ে শিল্পায়ন ও জনবসতি বাড়লেও সেই অনুপাতে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে ওঠেনি। নদী-খাল ও জনবসতিকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে দ্রুত স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করতে হবে। একই সঙ্গে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।


































