নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে মারধরে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে মারধরে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রাস্তা ব্যবহার ও জায়গা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম নাঈম খান (৬০)। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাই উত্তরপাড়া জিরো পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই এলাকার গফুর মিয়ার ছেলে। 

 

নিহতের ছোট ভাই মনিরের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি  রাস্তা ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই জায়গার একাংশ আগে তাদের পরিবারের মালিকানাধীন ছিল। পরবর্তী সময়ে জায়গাটি হোসেন নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করা হয়। হোসেন  সেখানে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় রাস্তা ব্যবহারের সুবিধার্থে দুই থেকে তিন ফুট জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন মনির।

তবে পরবর্তী সময়ে রাস্তা ছেড়ে দেওয়া ও ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। পরিবারের দাবি, বিরোধপূর্ণ জায়গায় এমনভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল, যাতে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে যায় এবং একজন মানুষের চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

ঘটনার দিন দুপুরে হোসেনকে রাস্তার জন্য যায়গা রেখে বাড়ির কাজ করতে বলেন নাঈম। এ নিয়ে নাঈম ও হোসেনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় হোসেন ও তার ছেলে ইকবাল মিলে নাঈমকে মারধর করে বলে জানান নিহতের ছোট ভাই মনির। এসময় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনির আরও জানান, নাঈমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। রবিবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। তবে এঘটনায় এখনো থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় একজন আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নাটক করেছি।  তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করতে রাজি হননি এই কর্মকর্তা।