নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলায় জড়িত পুকন নামের এক ব্যক্তিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। নির্ধারিত সময়ে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে আলীনগর বড় মসজিদের সামনে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, “কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল মানুষ। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ পুকন কর্তৃক তাঁর ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং এলাকার সর্বস্তরের শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত করেছে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আমি বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছি।”
এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের এই কেন্দ্রীয় নেতা বলেন, “বন্দরের প্রায় এলাকাতেই মাদকের সাথে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজত্ব করছে। এভাবে একটি এলাকা চলতে পারে না। সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বন্দরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কোনো সন্ত্রাসী যেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহসভাপতি সানাউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা।


































