নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)। পুলিশ জানায়, শনিবার রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন—মো. মিঠু ওরফে ডাকাত মিঠু (৩৮), ডালিম ওরফে ডিস ডালিম (৪২), সজল ইবেন ইবু (৩০), সজীব (৩০), আলতাফ সরদার (৪৫), মেহেদী (২৮), আবদুর রাজ্জাক (৪৮), লিপু (৫০), সলীম মিয়া (৪০), সাদ্দাম হোসেন (৩৩), রাকিব (৩০), জাহাঙ্গীর (২৫), সোহেল (৩০), বাচ্চু (৫০), রাজীব (৩০), রাতুল (২৫), শিমুল (২৫), সাব্বীর মিয়া (২৫), সাইফুল ইসলাম বাবু (৩০), রফিকুল ইসলাম (২৪), রুবেল (৩৫), নাছির (৩২), ইমরান হোসেন জিসান, আবুল কাশেম বাদশা (৩০), বরিশাইল্লা শহিদ (৩২), শাহাদাত (৩০), আবদুর রহিম (৩০), হাজী মাসুম (৫০), আবুল কাশেম (৫৫), আবুল হোসেন (৫০), আবুল কালাম (৪৫), তৌহিদ (৩০), তানভীর (২৬), ফাহাদ (২০), আমির হোসেন (৪৫), সামিউল (৩০), রায়ান (৩২), তাপস চক্রবর্তী (৪০), সেলিম (৪৫), শরীফ (৫০), শামীম (৪০), আবু সাঈদ (৫৫), অপু মিয়া (৩৫), আতিক (২৮), হাসান (৩২), কবির হোসেন (৫০), সোহেল (৩৫), জাবেদ (২৭), মহিউদ্দিন (৩৫), শফিক (৩০), মিলন (৪৫), রতন হোসেন (৩৬), সানি (৩০), মাহাবুব হোসেন মানিক (৫৬), জামান (৫০), সাইফুল ইসলাম (৩৫), কামরুল হুদা বাবু (৫৮), আলিফ প্রধান (৩৮), লুঙ্গি মাহাবুব (৫৫), সিয়াম (২৮), মূসা (৫৫), নাজমুল হোসাইন সবুজ, নজরুল ইসলাম, কাজী সাগর, ফাহাত হোসেন ফারু ও সাইফুল হোসেনসহ আরও কয়েকজন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাদী ফারুক মাতবর শিয়াচর লালখাঁ এলাকায় বিএনপির কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসোঁটা, ককটেল ও পেট্রোল বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় বাদীসহ উপস্থিত নেতাকর্মীরা প্রাণভয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

































