নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

যেই কারণে মনির হোসেন কাসেমীকে শোকজ

নারায়ণগঞ্জ টাইমস :

প্রকাশিত:১৯:৪৪, ৮ ডিসেম্বর ২০২৫

যেই কারণে মনির হোসেন কাসেমীকে শোকজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে দলের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

শোকজে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

প্রসঙ্গত: সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিএনপি নেত্রীকে বারবার ‘জাতির মা’ ও ’১৮ কোটি মানুষের মা’ সম্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতী মনির হোসাইন কাসেমী। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে ছাড় পাওয়ার তালিকায় থাকা জমিয়তের এই নেতা আগেও বিভিন্ন সময় বিএনপির প্রতি মুগ্ধতা প্রকাশ করে নানা বক্তব্য দিয়ে নিজ দলসহ অন্যান্য দলের কর্মীদের কাছে সমালোচিত হন। এবার তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিলো তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।