নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও একজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান দায়িত্ব পালনকালে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলযোগে আসা তিনজন দুষ্কৃতকারী চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে এবং তার কাছে থাকা সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর এএসআই লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করেন। পরে দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দেওভোগ এলাকার বাশমূলী এলাকায় অভিযান চালান। সেখান থেকে অস্ত্র লুণ্ঠনের ঘটনায় জড়িত আরহাম (২২) নামে এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরহাম দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। তার বাবার নাম মৃত নজরুল ইসলাম এবং মায়ের নাম শিউলী বেগম।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


































