নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ নিরসনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ শহরের পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যানজট, অবৈধ দখল, খাল ও জলাশয় সংরক্ষণ, টেকসই নগরায়ণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে জনগণ, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি এনডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক স্বার্থ রক্ষায় গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনডিএ কাজ করবে—এটাই প্রত্যাশা। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও পরামর্শ নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবসময় এনডিএ’র পাশে থাকবে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে এনডিএর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে উন্নয়নবান্ধব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য আরিফ আলম দীপু, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, প্রণব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।
এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য নাহিদ আজাদ, মোস্তফা করিম, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভা শেষে উন্নয়নবান্ধব, স্বচ্ছ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এনডিএ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


































