নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, লস্করদী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মতিন (৫০) এবং একই গ্রামের রেয়াজ উদ্দিনের ছেলে দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মতিন, দেলোয়ার, মামুন (৩০), সিয়ামসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































