নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৭, ১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ৯ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের মেলার মাঠ সংলগ্ন আমির হোসেনের রিকশার গ্যারেজের সামনে এবং একই এলাকার ৩ নম্বর গলির পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মোট ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

পরে একই দিন আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত। আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন— মো. শান্ত (২৮), রাতুল (২২), হারুন অর রশিদ মুন্না (৩১), মো. আলমগীর (৩৪), বুলবুল (৩৩), মো. খলিল পাহলান নাঈম (২৩), দ্বীন ইসলাম (২১), মনির হোসেন তালুকদার (৩২) ও মো. সোলাইমান (২৪)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: