নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১১০৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৭, ৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১১০৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নিষিদ্ধ ১ হাজার ১০৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি মো. ফারুক আহমেদ (৩৫)। তিনি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১২-৭৭৫৬) থেকে বস্তাভর্তি ইস্কাফ সিরাপ একটি সিএনজিচালিত অটোরিকশায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫২০০) তোলার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ১০৭ বোতল ইস্কাফ সিরাপসহ ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ আরও দাবি করেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ফারুক আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: