নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানার বউ বাজার (দত্তবাড়ী) এলাকার বউ বাজার ১ নম্বর গলিতে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আনোয়ারের বসতবাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আনোয়ার হোসেন (৪৮), বন্দর উপজেলার দত্তবাড়ী বউ বাজার শাহী মসজিদ এলাকার বাসিন্দা এবং মো. সিরাজ (৩৫), যার স্থায়ী বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে বন্দর উপজেলার পুরান বন্দর ঝাউতলা এলাকায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।


































