নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি: কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বলসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:৩২, ৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি: কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বলসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে চলন্ত কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান এবং প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ৬১৪ পিস কম্বল।

​মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন: আঃ রহিম (৪২), মোঃ ফারুক ওরফে বাবু (৪০), মোঃ রফিকুল ইসলাম (৪০), আঃ গাফফার (৩৭) ও  আঃ রহমান (৩০)। 

​যেভাবে ঘটেছিল ডাকাতি

​পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খন্দকার এবং চালক মোঃ মাসুদ মিয়া ফতুল্লার সাদ্দাম মার্কেট থেকে আনুমানিক ৯ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের ৬১৪ পিস কম্বল বোঝাই করে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-গ-১৪-০৮৩১) নিয়ে ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশ্যে রওনা হন।

​ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে কাভার্ড ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে পৌঁছালে ৮/১০ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল গাড়িটির গতিবিধি রোধ করে। নিজেদের 'ডিবি পুলিশ' পরিচয় দিয়ে ৩ জন ডাকাত আচমকা গাড়িতে উঠে পড়ে।

​এরপর তারা চালক ও ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর ও ধারালো ছুুরির ভয় দেখিয়ে ২টি স্মার্টফোন (মূল্য ৪২,৫০০ টাকা), নগদ ১০,০০০ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী দুজনের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয় এবং কম্বলসহ কাভার্ড ভ্যানটি নিয়ে চম্পট দেয়। দুপুর ১টার দিকে ডাকাতরা অপহৃত দুজনকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বালিগাঁও বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

​পুলিশের তাৎক্ষণিক অভিযান ও উদ্ধার

​ভুক্তভোগী বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর নড়েচড়ে বসে প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাঠে নামে পুলিশ।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সাথে জড়িত ৫ ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত কাভার্ড ভ্যান ও শতভাগ কম্বল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।