নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬

বন্দরে রং মিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ৭ জুলাই ২০২৬

বন্দরে রং মিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ইমরান হোসেন (৩২) নামে এক রংমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ কদমতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন ওই এলাকার আমির হোসেন মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে ভোরের কোনো এক সময় তিনি নিজ বসতঘরে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের টিনের চালা খুলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ইমরান হোসেন মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায়ও ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতির আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

যদি আপনার বা আপনার পরিচিত কারও মধ্যে আত্মহত্যার চিন্তা, গভীর হতাশা বা মানসিক সংকট দেখা দেয়, তবে একা না থেকে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। সময়মতো সহায়তা জীবন রক্ষা করতে পারে।

সম্পর্কিত বিষয়: