নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের জাঙ্গালিয়া চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশাল আকৃতির কুমির দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়ার পর খাগকান্দা, উচিৎপুরা, গোপালদীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট এলাকায় নদীতে বড় আকৃতির একটি প্রাণী ভেসে থাকতে দেখেন কয়েকজন বাসিন্দা। তারা সেটিকে কুমির বলে দাবি করেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ নদীর ঘাটে ভিড় জমাতে শুরু করেন।
তবে স্থানীয় সচেতন মহল অপ্রয়োজনে নদীর ঘাটে ভিড় না করার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।
কুমির দেখার দাবির পর নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয়রা শিশুদের একা নদীর ঘাটে যেতে না দেওয়া, নদীতে গোসল, মাছ ধরা কিংবা নৌকায় পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কুমিরের উপস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। কুমিরটি সত্যিই ওই এলাকায় অবস্থান করছে কি না, তা তদন্ত করে প্রয়োজন হলে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে নদীতে কুমির থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবে বিবেচ্য।


































