জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির ‘প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট বাস্তবায়ন উপকমিটি’ গঠন করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট এ উপকমিটির সদস্যদের নাম বুধবার (৮ জুলাই) এক সাংগঠনিক নোটিশে প্রকাশ করা হয়।
জেলা কমিটির দপ্তর সম্পাদক ও বার্তা প্রেরক নাজমুস সাদাত রুমি গণমাধ্যমে পাঠানো নোটিশে এ তথ্য জানান।
নোটিশ অনুযায়ী, উপকমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারি। অন্যান্য সদস্যরা হলেন— জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক নাইম উদ্দিন সানি, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান অন্তর, রাকিবুল ইসলাম রাহাত এবং আবুল কালাম।
নোটিশে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির মাসিক প্রোগ্রাম ও বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক জুবাইর আহমেদ (সর্দার) ও সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ)-এর অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে এ উপকমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যেই এ উপকমিটি গঠন করা হয়েছে।


































