‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক মো. রায়হান কবির কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, এনজিও, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ এককভাবে সম্ভব নয়। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশবিষয়ক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পায়ন, আবাসন প্রকল্প, ইটভাটা ও অবকাঠামো নির্মাণের কারণে কৃষিজমি, বনভূমি ও জলাভূমি ক্রমেই সংকুচিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও জলাশয় সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ একটি সার্বজনীন দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব। তিনি একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


































