নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

আদমজী বিহারি ক্যাম্পের মাদকের ডিলার রমজান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৩, ৮ জুলাই ২০২৬

আদমজী বিহারি ক্যাম্পের মাদকের ডিলার রমজান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দাদের কাছে মাদক কারবারের ডিলার হিসেবে পরিচিত রমজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রমজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার একজন আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আদমজী বিহারী ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করতেন রমজান। তাদের দাবি, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে একটি সিন্ডিকেটের মাধ্যমে খুচরা পর্যায়ে সরবরাহ করা হতো, যার ফলে এলাকার তরুণদের মধ্যে মাদকের বিস্তার বেড়েছে এবং সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, অতীতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রমজান এলাকায় প্রভাব বিস্তার করেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পুনরায় সক্রিয় হয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, রমজানের পরিবারের কয়েকজন সদস্যও এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার ভাই ফয়সাল নিজেকে ভাঙারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও স্থানীয়দের দাবি, তার আয়ের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রমজান গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও সোর্সদের বিরুদ্ধে তথ্য ফাঁস ও আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এর আগে যৌথ বাহিনীর এক অভিযানে রমজানের মা আয়েশা বেগম গ্রেপ্তার হলেও রমজান পালিয়ে যান বলে স্থানীয়রা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রমজানের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, কেবল একজনকে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না; পুরো মাদক নেটওয়ার্কের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সচেতন মহলের মতে, সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান, কার্যকর নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি। এলাকাবাসীও প্রশাসনের কাছে একই দাবি জানিয়েছেন।