অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নাজমুল হোসেন (৪১), নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার আফতাবনগর এলাকায় বসবাসকারী এবং হাবিব মিয়া (৩০), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা, বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় বসবাসকারী।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ,বিপিএম জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই ঢাকার আফতাবনগর থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে চক্রের কথিত মূলহোতা হাবিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, বাদী মো. নুর কামাল আজাদ একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, গত ২ মে একজন ব্যক্তি নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করেন এবং অনলাইনে ট্রেডিং করে উচ্চ মুনাফা অর্জনের প্রলোভন দেখান।
অভিযোগে বলা হয়, পরে বাদীকে একটি অনলাইন ট্রেডিং ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সেখানে অ্যাকাউন্ট খুলতে বলা হয়। প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগের পর তার অ্যাকাউন্টে লাভ দেখানো হলে তিনি আরও বিনিয়োগে উৎসাহিত হন। পরবর্তীতে ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা পাঠান। এরপর প্রতিশ্রুত অর্থ ফেরত না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পিবিআই জানায়, মামলাটি ৩০ জুন তদন্তের জন্য অধিগ্রহণ করা হয়। তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করে দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে থাকা সহযোগীদের কাছে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের পুনরায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং প্রতারণা চক্রের নেটওয়া


































