নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে পাঁচ কুখ্যাত মাদক কারবারি ও ৮৭ জন মাদকসেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনভর জেলার সাতটি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ফতুল্লা, বন্দর, সদর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা পুলিশ স্ব স্ব এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকা থেকে সোহেল এবং ইসদাইর এলাকা থেকে মাদক ডিলার সাগরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে।
গ্রেপ্তারকৃত কুখ্যাত ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।
পাশাপাশি এদের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজু করার জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন প্রেরণ করা হবে।
নারায়ণগঞ্জের সাতটি থানায় মোট গ্রেপ্তার ৮৭ জন মাদকসেবীর মধ্যে ফতুল্লা মডেল থানায় ৩৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সদর মডেল থানায় ১৩ জন, বন্দর থানায় ৯ জন, রূপগঞ্জ থানায় ৬ জন, আড়াইহাজার থানায় ৪ জন এবং সোনারগাঁও থানায় ২ জন রয়েছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারকৃত মোট ৯২ জনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।


































