নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ হওয়ার পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বৈধ ইজিবাইক ও মিশুক চালকদের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, আগে যে পথগুলোতে ১০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন একই দূরত্বে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।
শহরের বাইরের বিভিন্ন সড়কেও একই চিত্র দেখা গেছে বলে অভিযোগ যাত্রীদের। অনেক ইজিবাইক নির্ধারিত পথের পরিবর্তে ঘুরপথে শহরে প্রবেশ করছে। এরপর যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ফলে একদিকে যাত্রীদের সময় ও ভোগান্তি বাড়ছে, অন্যদিকে গুনতে হচ্ছে দ্বিগুণ পর্যন্ত ভাড়া।
নগরীর মেট্রো হল মোড় থেকে চাষাড়া পর্যন্ত আগে লোকাল ভাড়া ছিল মাত্র ৫ টাকা। বর্তমানে ওই পথে মিশুক চালকরা চারজন করে যাত্রী নিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা করে ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ আগের তুলনায় জনপ্রতি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে।
যাত্রীদের অভিযোগ, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কিছু চালক ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন। ভাড়া নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে হচ্ছে। কখনো কখনো তা হাতাহাতিতেও গড়াচ্ছে।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ভাড়া নিয়ে চালক-যাত্রীদের মধ্যে এমন বিরোধ প্রায়ই দেখা যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবি, ইজিবাইক ও মিশুকের ভাড়া নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি থাকা দরকার। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
যাত্রীদের মতে, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বৈধ গণপরিবহনে যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়েও প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
এদিকে আগে চিটাগাংরোড-আদমজী-চাষাড়া সড়কের ৬ আসন বিশিষ্ট ইজিবাইকগুলোকে নগরীর মিশনপাড়া পর্যন্ত প্রবেশের অনুমতি দেয়া হয়েছিলো। গত এক সপ্তাহ ধরে সেই ইজিবাইকগুলোকে নগরীর মেট্রো হল মোড়ে আটকে দেয়া হচ্ছে। এতে করেও ভোগান্তিতে পড়েছে সিদ্ধিরগঞ্জ আদমজী মুখি যাত্রীরা। এসব এলাকার যাত্রীদের দাবি মিশন পাড়া মোড় পর্যন্ত যদি ইজি বাইক চলাচলের অনুমতি দেয়া হয় তাহলে কিছুটা ভোগান্তি লাঘব হবে যাত্রী সাধারণের। বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানায় তিনি যেন ভোগান্তির এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন। সেই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকৃত ইজিবাইকের ভাড়া নির্ধারণের ব্যাপারেও উদ্যোগ গ্রহণের দাবি জানান।


































