নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সংস্কার হলো সোনাকান্দা-সোনাবিবি রোড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫২, ১৫ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সংস্কার হলো সোনাকান্দা-সোনাবিবি রোড

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা মসজিদ সংলগ্ন সোনাবিবি রোডের অবশিষ্টাংশ। গত ১৪ জুন রাতে সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে। রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরা এ সড়কে বিশেষ করে রাতের বেলায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থার পরিবর্তনে স্থানীয়রা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানালেও দীর্ঘদিন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

পরবর্তীতে বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়। যদিও প্রথম দিকে সংস্কার কাজ শুরু হলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে হতাশা সৃষ্টি করে।

 

এ অবস্থায় ২১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কিরণ বেপারী বিষয়টি নিয়ে উদ্যোগী হন। তিনি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সঙ্গে আলোচনা করেন। পরে নাজমুল হক রানা ও কিরণ বেপারী যৌথভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ করে সড়কটির করুণ অবস্থার বিষয়টি তুলে ধরেন।

 

তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসকের বিশেষ নির্দেশে দ্রুত সংস্কার কাজ পুনরায় শুরু হয় এবং ১৪ জুন রাতে কার্পেটিংয়ের মাধ্যমে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

 

সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দারা জানান, সড়কটি সংস্কারে ভূমিকা রাখায় বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কিরণ বেপারীর প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।

 

স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এলাকার অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা একইভাবে কার্যকর ভূমিকা পালন করবেন।