নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২২ জুন ২০২৬

মুছলেকায় ছাড়া পেলেন এমপি মান্নানের ছেলে সজীব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১৫, ২২ জুন ২০২৬

মুছলেকায় ছাড়া পেলেন এমপি মান্নানের ছেলে সজীব

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


এর আগে রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি।”

এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়।


সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেন খাইরুল। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।ডিবি আটক করার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল নেবে না।